সিলেটে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন করে মারা যাওয়া তিন শিশুর বয়স ১০ মাসের নিচে। তাদের নাম কামরুল, কৃষ্ণা ও নিহাদ। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন কোনো রোগী শনাক্ত না হলেও ৬৬ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৩৪ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো হামের টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
