আন্তর্জাতিক ফোরাম ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ পটুয়াখালীর তরুণী জন্নাত উল আফরিন

আন্তর্জাতিক পরিসরের মর্যাদাপূর্ণ বৈশ্বিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন (BoBC) ২০২৬’-এ অংশ নিচ্ছেন পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মেধাবী তরুণ আইন শিক্ষার্থী জন্নাত উল আফরিন স্নিগ্ধা।

গত ৩ অক্টোবর থেকে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হওয়া সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (CGS)-এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। ব্র্যাক ইউনিভার্সিটির আইন বিভাগের (LLB) শিক্ষার্থী জন্নাত উল আফরিন বর্তমানে CGS-এ ‘Legal Research Associate’ হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক এই সম্মেলনের অফিসিয়াল পোস্টার ও আয়োজকদের প্রকাশনায় তার পরিচয় স্থান পেয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. আবদুর রবের কন্যা জন্নাত উল আফরিনের এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার ও বদরপুরের স্থানীয় বাসিন্দারা।

আয়োজক সূত্র জানায়, এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘Fragments • Frontiers • Futures: Navigating Power, Technology and Trust in a World Rewritten’। বিশ্বমঞ্চের এ সম্মেলনে ১০০টিরও বেশি দেশ থেকে প্রতিনিধি এবং প্রায় ২০০ জন খ্যাতনামা বক্তা অংশ নিচ্ছেন। সম্মেলনের বিভিন্ন সেশনে ভূরাজনীতি, নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), আন্তর্জাতিক বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও মানবনিরাপত্তাসহ সুশাসন নিয়ে আলোচনা চলছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। মফস্বল এলাকা থেকে উঠে এসে আন্তর্জাতিক এই সংলাপে পটুয়াখালীর তরুণীর এমন মর্যাদাপূর্ণ অংশগ্রহণকে স্থানীয় সুধীসমাজ ও স্বজনরা অত্যন্ত গর্বের বিষয় বলে মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *