নতুন একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নৌবাহিনীতে যুক্ত করেছে রাশিয়া

নতুন একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নৌবাহিনীতে যুক্ত করেছে রাশিয়া। শুক্রবার (২৭ নভেম্বর) সাবমেরিনটির উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে ২০৩০ সালের মধ্যে নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার ঘোষণা দেন তিনি।

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে নতুন সাবমেরিন ‘পারম’-এর আনুষ্ঠানিক পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন পুতিন। এর মধ্য দিয়ে সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে রুশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে পুতিন বলেন, ‘রাশিয়া বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের একটি, যারা এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন তৈরি করতে সক্ষম। এগুলো এমন অস্ত্র, যার বৈশ্বিক সক্ষমতা ও গুরুত্ব রয়েছে।’

পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রাশিয়ার পারমাণবিক প্রতিরোধব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। পানির নিচে গোপনে দীর্ঘ সময় পরিচালনার সক্ষমতার কারণে শত্রুপক্ষের হামলার পরও পাল্টা পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা ধরে রাখতে পারে এসব সাবমেরিন।

পুতিন জানান, ২০৩০ সালের মধ্যে রুশ নৌবাহিনীতে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করা হবে। এর মধ্যে তিনটি হবে ‘ইয়াসেন-এম’ শ্রেণির। নতুন যুক্ত হওয়া পারম সাবমেরিনটিও একই শ্রেণির।

তিনি আরও বলেন, এসব সাবমেরিন ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম এবং বিশ্বের যেকোনো সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করতে পারবে। ফলে রাশিয়ার নৌবাহিনীর দূরপাল্লার সামরিক সক্ষমতা আরও বাড়বে।