ইসরাইলি সামরিক বাহিনীর গুপ্তহত্যাচেষ্টা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান খলিল আল-হাইয়ার ছেলে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে বাসেম নাইম বলেন, ইজ্জেলদিন আল-হাইয়াকে হত্যার লক্ষ্যে শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে গাজায় বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। তবে ইজ্জেলদিন ও তার পরিবারের সদস্যরা হামলা থেকে রক্ষা পেয়েছেন।
হামাসের অন্য একটি সূত্র জানিয়েছে, হামলায় কেউ নিহত হননি। খলিল আল-হাইয়ার পুত্রবধূসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরাইলি সামরিক বাহিনী।
বাসেম নাইম জানান, ১৯৯৭ সালে জন্ম নেয়া ইজ্জেলদিন আল-হাইয়া হামাসপ্রধানের জীবিত থাকা সর্বশেষ ছেলে। ইসরাইলি বাহিনীর হামলায় তার অন্য চার ছেলে আগে নিহত হয়েছেন।
এক বিবৃতিতে হামাস জানায়, ইসরাইলি বাহিনী একটি আবাসিক অ্যাপার্টমেন্টে হামলা চালিয়েছে। হামাসপ্রধান খলিল আল-হাইয়াকে লক্ষ্য করে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের দেয়া হুমকির সঙ্গে এ হামলার যোগসূত্র রয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি।
হামাসের অভিযোগ, ২০২৫ সালের গাজা যুদ্ধবিরতি চুক্তি দুর্বল করে দিতেই ইসরাইল এ ধরনের হামলা চালাচ্ছে। অব্যাহত হামলার পরিণতির জন্য ইসরাইলকেই সম্পূর্ণ দায় নিতে হবে বলে জানিয়েছে সংগঠনটি।
নাইমের ভাষ্য অনুযায়ী, ইজ্জেলদিন আল-হাইয়া ২০২৫ সালে ইসরাইলি বিমান হামলায় নিহত হামাম খলিল আল-হাইয়ার যমজ ভাই।
গাজায় পৃথক হামলায় নিহত পাঁচ ফিলিস্তিনি
গত শুক্রবার গাজায় ইসরাইলি বাহিনীর পৃথক দুটি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হন বলে জানান চিকিৎসকরা। প্রথম হামলাটি চালানো হয় রাফাহ শহরে। এতে তিন ফিলিস্তিনি নিহত ও দুজন আহত হন।
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, তারা তিনজন সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
দ্বিতীয় হামলায় গাজা সিটিতে মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) একটি কার্যালয়ে কর্মরত দুই নিরাপত্তাকর্মী নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনি চিকিৎসা সূত্র।
এমএসএফও নিশ্চিত করেছে, নিহত দুজন তাদের প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। হামলার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এ নিয়ে গাজায় তাদের নিহত কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।
ইসরাইলি সামরিক বাহিনী স্বীকার করেছে, নিহত দুজন এমএসএফের হয়ে কাজ করতেন। তবে তাদের দাবি, ওই ব্যক্তিরা মানবিক সহায়তাকর্মীর ছদ্মবেশে থাকা হামাসের সদস্য ছিলেন।
