বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার (২১ জুন) সন্ধ্যা ৬টার মধ্যে দেশের পাঁচ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সতর্কবার্তা অনুযায়ী, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদফতরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (২২ জুন) সকাল পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিশেষ করে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ-এর কোথাও কোথাও মাঝারি থেকে ভারি এবং অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়ার এই অস্থির পরিস্থিতি চলতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
