মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া মো. আলমগীর ওরফে আলমগীর দেওয়ানের (৪৬) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজের দুই দিন পর শনিবার (২৮ নভেম্বর) সকালে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর এলাকায় মেঘনার শাখানদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. আলমগীর হোসেন সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গেল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চরডুমুরিয়া ও সামারচর এলাকায় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে সেলিম মোল্লা নামে একজন নিহত হন এবং এক শিশুসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও স্প্লিন্টারের আঘাতে আহত হন।
সংঘর্ষ চলাকালে প্রাণ বাঁচাতে এক পক্ষের ১৫ থেকে ২০ জন চৈতারচর এলাকার মেঘনার শাখানদী সাঁতরে পাশের আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে যাওয়ার চেষ্টা করেন। এসময় বাকিরা তীরে উঠতে সক্ষম হলেও মাঝনদীতে তলিয়ে নিখোঁজ হন আলমগীর।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা ২৭ মিনিটে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনে চৈতারচর গ্রামে মেঘনার শাখানদী সাঁতরে তীরে ওঠার সময় এক ব্যক্তি নিখোঁজ হওয়ার সংবাদ আসে। খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বৃহস্পতি ও শুক্রবার (২৬ ও ২৭ নভেম্বর) টানা দুই দিন নদীতে ডুবুরি দলের তল্লাশি অভিযান পরিচালিত হয়।
তিনি আরও জানান, শনিবার সকাল ৭টার দিকে ডুবুরি দলের সদস্যরা তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযানের প্রস্তুতি নেয়ার সময় স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভেসে ওঠার খবর দেন। পরে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মেঘনার শাখানদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। উদ্ধার কার্যক্রমে পুলিশ, স্থানীয় জনগণ ও সাংবাদিকরা সর্বাত্মক সহযোগিতা করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
