খাল খনন, কৃষি ও শিল্পের উন্নয়ন, মহাকাশ প্রযুক্তিতে স্বনির্ভরতা এবং সামাজিক সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে লালমনিরহাটে দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান, দুপুরে মহেন্দ্রনগরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং বিকেলে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
দুপুরে মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আর অগ্নিসন্ত্রাস, গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। সন্ত্রাসী ও হত্যাকারীদের সমুচিত জবাব দিতে হবে। তাঁর ভাষায়, ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর নয়।’
তিনি বলেন, আমরা খাল খননের রাজনীতি করতে চাই। দেশের শিল্প-কলকারখানা গড়ে তুলে উৎপাদন বাড়াতে চাই। কৃষির উন্নয়ন, মানসম্মত শিক্ষা এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত ভোটাধিকার ও কথা বলার অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পদ্মা ব্যারাজ নির্মাণ সরকারের উন্নয়ন ভাবনার গুরুত্বপূর্ণ অংশ। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
এর আগে সকালে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠানে অংশ নেন তারেক রহমান। সেখানে তিনি জানান, আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করবে বাংলাদেশ। অন্যের প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর কথা বলেন তিনি।
দিনের সর্বশেষ কর্মসূচিতে বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি এই সংগঠনের ইতিবাচক কার্যক্রম দেশের বাকি ৬৩ জেলায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, সব সমস্যার সমাধান কেবল আইন দিয়ে করা সম্ভব নয়। সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করে অনেক সমস্যার সমাধান করা যায়। বিভিন্ন মত, ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তিনি বলেন, দেশের নদী-নালা ও খাল-বিল আবর্জনায় ভরে যাচ্ছে। পরিবেশ দূষণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি মাদক সমস্যা দূর করা এবং নির্বিচারে গাছ কাটা বন্ধ করে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।
‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানসহ সংগঠনের নেতারা।
দিনব্যাপী তিনটি কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বিকেল ৪টার দিকে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
