জবিতে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাকে মারধরের অভিযোগও উঠেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে শাকিল খান নামে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভাগটির ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

বিভাগীয় সূত্রে জানা যায়, বিশ্ব দর্শন দিবস উপলক্ষ্যে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে অংশ নিতে বিভাগে এসেছিলেন শাকিল। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা খবর পেয়ে সেখানে গিয়ে তাকে আটক করেন। এ সময় শাকিলের বান্ধবী ও সহপাঠীরা বাধা দেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার মোবাইল ফোন জব্দ করা হয়।

এদিকে শাকিলকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, শাকিলের মোবাইল ফোন পরীক্ষা করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে গঠিত ‘ভাই-ব্রাদার্স’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে তার যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া তিনি এখনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং বিভাগের ছাত্রলীগের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড তার মাধ্যমে পরিচালিত হতো বলে অভিযোগ করেন তারা। ছাত্রলীগের পদ থেকেও তিনি পদত্যাগ করেননি বলে দাবি তাদের।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা ওই ছাত্রনেতাকে ধরে নিয়ে আসে। পরে আমরা একটু দেখার চেষ্টা করলাম সে কে। পরে জানতে পারলাম সে ফিলোসফি (দর্শন) ডিপার্টমেন্টের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পরে তার নিরাপত্তা বিধান নিশ্চিত করতে আমরা পুলিশকে ফোন দিয়েছি এবং পুলিশের হেফাজতে সোপর্দ করেছি।’

পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।