দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে মিয়ানমারকে দায়ী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ৯-৬ ভোটে দেয়া এই ঐতিহাসিক রায়ে গণহত্যা সংঘটনের পাশাপাশি তা প্রতিরোধ ও শাস্তি দিতে ব্যর্থ হওয়ার দায়ও নির্ধারণ করেছেন আদালত। তবে রায় ঘোষণার পর বড় প্রশ্ন, কীভাবে কার্যকর হবে এই সিদ্ধান্ত, ক্ষতিপূরণই বা কীভাবে পাবেন রোহিঙ্গারা?
গণহত্যার দায়ে দোষী মিয়ানমার
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে প্রায় তিন ঘণ্টার শুনানি শেষে রায় ঘোষণা করা হয়। আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া রায় পড়ে শোনান।
৯-৬ ভোটে আদালত সিদ্ধান্ত দেন, মিয়ানমার রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, ২০১৭ সালের সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়। এ সময় ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাও ঘটে।
বিচারক ইওয়াসাওয়া বলেন, সব প্রমাণ একসঙ্গে বিবেচনায় নিলে মিয়ানমারের কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হলো, রাখাইনের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশকে নিশ্চিহ্ন করার অভিপ্রায় ছিল।
আদালত আরও বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যার উদ্দেশ্য নিয়ে কাজ করেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর যথেষ্ট যুক্তিসংগত ভিত্তি রয়েছে।
রায়ে মিয়ানমারের বিরুদ্ধে যেসব সিদ্ধান্ত
শুধু গণহত্যা সংঘটনের দায় নয়, গণহত্যা প্রতিরোধ, অপরাধীদের শাস্তি এবং প্রমাণ সংরক্ষণেও মিয়ানমারের ব্যর্থতা চিহ্নিত করেছেন আদালত।
রায়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হলোঃ
- মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটন করেছে।
- নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি অন্য ব্যক্তিদের মাধ্যমে সংঘটিত গণহত্যা প্রতিরোধে বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।
- রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রকাশ্যে গণহত্যায় উসকানি দেয়ার অভিযোগ প্রমাণিত হয়নি।
- গণহত্যা ও সংশ্লিষ্ট অপরাধের শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে মিয়ানমার।
- গণহত্যা সনদের বিধান কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।
- ২০১৭ সালের সামরিক অভিযানে গণহত্যা সনদের তৃতীয় অনুচ্ছেদে উল্লেখিত অপরাধে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করতে হবে।
- ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দিতে হবে মিয়ানমারকে।
- রোহিঙ্গাদের জন্য পুনঃপ্রতিষ্ঠামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
- গণহত্যা প্রতিরোধে বাধ্যবাধকতা লঙ্ঘনের কারণে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি আইসিজে নির্ধারণ করবেন।
- গণহত্যার অভিযোগসংশ্লিষ্ট প্রমাণ ধ্বংস হওয়া প্রতিরোধ ও সংরক্ষণ নিশ্চিত করার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার।
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা উচ্ছেদ অভিযান শুরু করে। এর আগে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) দেশটির কয়েকটি পুলিশ চৌকি ও একটি সেনা স্থাপনায় হামলা চালিয়েছিল।
এর জবাবে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এবং রাখাইন জনগোষ্ঠীর কিছু সশস্ত্র ব্যক্তি রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অভিযান চালায়। জাতিসংঘের তদন্ত ও বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, এ সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও নির্যাতনের ঘটনা ঘটে। প্রায় ৪০০টি গ্রাম পুড়িয়ে দেয়া হয়।
জাতিসংঘের হিসাবে, অভিযানে অন্তত ১০ হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। এর আগে থেকেই বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে মিলে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী এ দেশে অবস্থান করছেন।
