ব্যালন ডি’অরের ফল আগেই ফাঁস হয়েছিল কি না, তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পুরস্কার ঘোষণার আগে অনলাইন বেটিং প্ল্যাটফর্মে কয়েকটি অ্যাকাউন্টের বাজিতে শুধু বিজয়ীর নাম নয়, সেরা পাঁচের সঠিক ক্রমও মিলে গেছে। এসব বাজি থেকে প্রায় ২ লাখ ইউরো মুনাফার সম্ভাবনা তৈরি হওয়ায় বিষয়টি তদন্তের জন্য পুলিশের কাছে দিয়েছে পুরস্কারটির আয়োজক ফ্রান্স ফুটবল।
স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গবেষণা সংস্থা আপসাইডের বিশ্লেষণে পলিমার্কেট প্ল্যাটফর্মে ব্যালন ডি’অর-সংশ্লিষ্ট বাজিতে ১২টি অ্যাকাউন্টের প্রায় ২ লাখ ৬৪ হাজার ডলারের লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সাতটি অ্যাকাউন্টের অন্য কোনো বাজারে আগের কার্যক্রম ছিল না। ছয়টি অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল বাজি ধরার মাত্র কয়েক মিনিট আগে।
বাজির পূর্বাভাসের সঙ্গে মিলে যায় ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ফল। সেরা পাঁচে প্রথম হন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। এরপর যথাক্রমে কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল, রদ্রি ও লিওনেল মেসি। এই সঠিক পূর্বাভাসের কারণে বাজিদাতাদের প্রায় ২ লাখ ডলার মুনাফা হতে পারত।
বিশেষ নজরে এসেছে একটি অ্যাকাউন্টের লেনদেন। প্রথমে সেটি কেইনকে বিজয়ী ধরে বাজি ধরে। পরে চুক্তির মূল্য বেড়ে গেলে সেগুলো বিক্রি করে পাওয়া অর্থের একটি অংশ ব্যয় করা হয় আরও নির্দিষ্ট বাজিতে–প্রার্থীদের চূড়ান্ত অবস্থান কী হবে, তা নিয়ে।
এত নির্ভুল পূর্বাভাসের পর প্রশ্ন উঠেছে, অ্যাকাউন্টগুলো কীভাবে ফল সম্পর্কে আগাম ধারণা পেল। ফ্রান্স ফুটবল পুরস্কার ঘোষণার আগে ফলাফল কঠোর গোপনীয়তায় রাখে। সংস্থাটি এ ঘটনায় পুলিশের কাছে তথ্য দিয়েছে, যাতে সম্ভাব্য তথ্য ফাঁসের বিষয়টি খতিয়ে দেখা যায়।
তবে এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে বাজি ধরা ব্যক্তিদের কাছে অভ্যন্তরীণ তথ্য ছিল, কিংবা তাদের সঙ্গে ফ্রান্স ফুটবলের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে। তদন্তে খতিয়ে দেখা হবে, ফল ফাঁস হয়েছিল কি না, অন্য কোনো উপায়ে তথ্য সংগ্রহ করে বাজি ধরা হয়েছিল, নাকি এটি ছিল অস্বাভাবিকভাবে নিখুঁত এক কাকতালীয় ঘটনা।
ব্যালন ডি’অর ঘিরে এর আগে পুরস্কার অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ফ্রান্স ফুটবলের ওয়েবসাইটে কেইন, এমবাপ্পে ও ইয়ামালকে বিজয়ী হিসেবে উল্লেখ করা তিনটি খবর প্রকাশের ঘটনাও বিতর্ক তৈরি করেছিল। নতুন এই বাজির তথ্য সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে। তবে দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
