লক্ষ্মীপুরের সাবেক আলোচিত মেয়র তাহেরপুত্র আফতাব উদ্দিন বিপ্লবের একটি কলরেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে বিপ্লবকে বলতে শোনা যায়, ‘গেরিলা হোলাইন রাখবি, হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইব’।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা কমিটির সভাপতি বিপ্লবের ৩ মিনিটের কল রেকর্ডিংটি এ প্রতিবেদকের হাতে এসেছে। তবে বিপ্লব দাবি করছেন, রেকর্ডিংটি এআই দিয়ে তৈরি।
বিপ্লব লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এম এ তাহেরের বড় ছেলে এবং লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর বড় ভাই।
রেকর্ডিংটিতে মামুন নামে একজনের সঙ্গে বিপ্লবকে বলতে শোনা যায়, ‘আর কোনো সুন্দর কথা নাই। দিনে সুন্দর কথা কইয়াম, দিনে সুন্দর পাঞ্জাবি পড়ি হাটিয়াম। যখন দেখিয়াম ক্ষমতা আইতাছে, লাইন অইছে, তখন এগুনরে (তাদেরকে) টোগাই (খুঁজে) পাওয়া যায় না। ক্ষমতা লাইন হইছে যখন দেইখখাম (দেখবো), ৫-৬ টা গেরিলা হোলাইন রাইখবি, যেগুন (যারা) বিশ্বস্ত। হেগুনরে এলাকায় স্টাবলিশ করে দিয়াম। হেগুনের কাম অইবো (হবে) শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন ৮-১০টারে মারি হালাইব।’
এরপর আরও শোনা যায়, দাড়ুম-দুড়ুম বাড়ি ঘর জ্বালাই দিবো। জায়নামাজ টুপি এগুলো বাহির করতে হইবো। কোনো বউ বাচ্চা বুড়া বয়স্ক মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। ক্যাডার ‘খানকির হোলাগোরে’ বাহির করি দাম-দুড়ুম ধরি গোটা দশেক ধরি হেগুনরে মাইরতে হইবো। ইয়ার মধ্যে যেগুনের নাম কইছোস এরমধ্যে দুই চাইরগারে, দুই ওজ্ঞারে হালাই দিতে হইবো, শেষ। বিএনপি মাইরছে, কাইনবি, ইয়ার হরে লাশ ধরি কাইনবি। খারাপ লোক ওগো সমুতল্য। এদের রাখছে, খারাপগুনরে বাঁচায় রাখছে আমগো মতো ভালো লোকগুনরে ডিস্টার্ব করার জন্য, যেন আমরা রাজনীতি করতে না পারি। ভাইয়ের লাই এটা কর, দুরের তন বয় বয় ঠান্ডা মাথায় এটা কর।
তাকে আরও বলতে শোনা যায়, আর ভাইয়ার লাই (জন্য) মিছিলটা করা যাইবো কি না, ভাইয়ার পক্ষে বলতে এরকম না, জাস্ট আমার ব্যানার থাকবো, শেখ হাসিনার ব্যানার থাকবো, ব্যানারে হেডলাইন থাকবো শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এক সাইটে বঙ্গবন্ধুর ছবি, আঁর আব্বার ছবি, এই ঠিক আছে? ওকে, ভালো থেকো।
শেষ পর্যায়ে বলতে শোনা যায়, আর দ্বিতীয় এবং স্থায়ী কাজ গেরিলা হোলাইন গোটা পাঁচ-ছয়েক হাইলবা, হেগুনরে স্টাবলিশ করিয়াম, সরাসরি আঁর লগে কথা কইবো, লক্ষ্মীপুর থাইকবো আঁর লগে। এগুন শুধু রক্ত খাইননা মতন, মনমানসিকতার হয়তো হইবো। কিন্তু মনটা থাকতে হইবো নরম মানুষের জন্য প্রেম থাকতে হইবো, দলের ডিসিপ্লিন মানতে হইবো। একদম সাহসী গেরিলা ৪-৫ টা হোলাইন রেডি করে দাম দুড়ুম উঠছে ভাব হইবো খাই খাই, সময় ভালো হইলে আঁই সিগনাল দিয়াম, গোটা দশেক মারি হালাইতে হইবো, ইয়ানতন দুই-ওজ্ঞা হালাই দিতে হইবো। ভালো থাইস, এটা যেন সবাই না জানে। ওকে, আল্লাহ হাফেজ।
কথোপকথনের একপর্যায়ে বিল্পব বলেন, আমগো এই দুই-তিন ইউনিয়ন মিলে কে কে আছে? এক দেড়শ হোলাইন (পোলাপাইন) থুবাই (জড়ো), যেকোন এক জায়গায় খাড়াই (দাঁড়াই) জাস্ট আমার ব্যানারটা নিয়ে সাউটিং মাউটিং দিবো এই। ব্যানার কি রকম হইবো আঁই (আমি) দেখায় দিমু (দেবো) সম্ভব কি না বা আমি কার লগে (সঙ্গে) কথা কইতাম (বলতাম)। মুখটুখ বাঁধি গেরিলাভাবে এক জায়গায় খাড়াই জাস্ট একটু সাউটিং দিবো, বুঝা যাইবো রাস্তার ওপর মিছিল করছে, এমনি মিছিল করার দরকার নাই। জাস্ট ১-২ মিনিট ভিডিও করি ফেসবুকে ছাড়ি দিবো, আর আঁরে ভিডিওটা দিবো। এটা সম্ভব কিনা একটু যোগাযোগ করে চাইস।
এ ব্যাপারে আফতাব উদ্দিন বিপ্লব বলেন, রেকর্ডিংটি আমারও নজরে এসেছে। এটি এআই দিয়ে তৈরি করা হয়েছে। আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও হয়েছে, এখনও হচ্ছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, রেকর্ডিংটি আমাদের নজরে এসেছে। আমরা কাজ করছি। গোপনে থেকে নাশকতা করার সুযোগ নেই। এসব বিষয়ে আমাদের তৎপরতা রয়েছে।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী (সাবেক পিপি) নুরুল ইসলামকে লক্ষ্মীপুর শহরের বাসা থেকে অপহরণের পর হত্যা করা হয়। বহুল আলোচিত নুরুল ইসলাম হত্যা মামলায় ২০০৩ সালে তাহেরপুত্র বিপ্লবসহ পাঁচ আসামির মৃত্যুদণ্ড ও ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। বিপ্লব ২০১১ সালের ৪ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন।
এরপর আবু তাহের তার ছেলে বিপ্লবের প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। ওই বছরের ১৪ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তার সাজা মওকুফ করেন। পরের বছর আরো দুটি হত্যা মামলায় (কামাল ও মহসিন হত্যা) বিপ্লবের যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। পরবর্তী সময়ে রাজনৈতিক বিবেচনায় ২০১২ সালে ফিরোজ হত্যা মামলা থেকেও বিপ্লবের নাম প্রত্যাহার করা হয়। ২০১৪ সালের ১ আগস্ট কারাগারে থেকেই বিয়ে করে দেশব্যাপী ফের আলোচনায় আসেন বিপ্লব। ২০১৮ সালের ৯ অক্টোবর তিনি কারামুক্ত হন।
এদিকে ২০২৪ সালে ৪ আগস্ট জুলাই আন্দোলনে বিপ্লবদের বাসার সামনে তমিজ মার্কেট ও শহরের মাদাম ব্রিজ এলাকায় ৪ শিক্ষার্থীসহ ১২ জন হত্যার শিকার হন।
