হবিগঞ্জে ক্লিনিক-ডায়াগনস্টিকে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ শহরের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে নানা অনিয়ম পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানকে অনুমোদনের অতিরিক্ত শয্যা বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল ৩ টার দিকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির সমন্বয়ে গঠিত বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক তদারকি কমিটি এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে হবিগঞ্জ শহরের সূর্যমুখী জেনারেল হাসপাতাল-২-এ বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা পাওয়া যায়। প্রতিষ্ঠানটির ১০ শয্যার অনুমোদন থাকলেও ৩৬ শয্যায় রোগী ভর্তি করা হয়েছিল। এছাড়া এমবিবিএস বা বিডিএস ডিগ্রি না থাকা ব্যক্তির নামের আগে ‘ডাক্তার’ লেখা, অপারেশনের সময় প্রথম সহযোগী চিকিৎসকের পরিবর্তে নার্স বা ওটি বয় দিয়ে ওটি অ্যাসিস্ট করানো, অপারেশন থিয়েটারে অপরিচ্ছন্ন পরিবেশ ও অব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি, যথাযথভাবে অটোক্ল্যাভ না করা এবং ফার্মেসিতে নিয়ম না মানাসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

এসব অনিয়মের কারণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে অনুমোদিত ১০টি শয্যা চালু রেখে অতিরিক্ত শয্যাগুলো বন্ধ করে জেলা প্রশাসকের কার্যালয় ও সিভিল সার্জনের কার্যালয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।

অন্যদিকে, শহরের মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শনকালে বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি, নির্ধারিত মূল্য তালিকার চেয়ে বেশি মূল্য নেয়া এবং লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ত্রুটিগুলো সংশোধনের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এক মাস সময় দেয়া হয়েছে।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস জানান, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও লাইসেন্সবিহীন অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।