পার্বত্য চট্টগ্রামেরখাগড়াছড়ি রিজিয়নে বাঘাইহাট জোনের সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন বাহিনীটির প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দায়িত্ব পালনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
সেনাবাহিনী প্রধান এ সময় প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাসদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন। পাশাপাশি, তিনি সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত কর্তব্য পালন অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ; জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
