হরমুজ প্রণালীতে মাইনে আঘাত, আগুনে পুড়ল ৪ ট্যাংকার

হরমুজ প্রণালীতে মাইনে আঘাতের পর আগুন ধরে গেছে চারটি তেলবাহী ট্যাংকারে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এ ঘটনা ঘটেছে। এর এক দিন আগে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের কয়েকটি রুট মাইনমুক্ত করার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

আল জাজিরা সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালীর দক্ষিণের একটি অননুমোদিত রুট দিয়ে চলাচলের চেষ্টা করার সময় তিনটি তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত পায়। এতে বিস্ফোরণ ঘটে এবং জাহাজগুলোতে আগুন ধরে যায়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এসব ঘটনা ঘটেছে। ট্যাংকারগুলোকে ‘নিয়ম লঙ্ঘনকারী’ হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি।

এদিকে, বৃহস্পতিবার পরে হরমুজ প্রণালীর পূর্ব অংশে আরেকটি ট্যাংকারে আগুন লাগার খবর জানায় ইরানের সেনাবাহিনী। তাদের ভাষ্য, সীমাবদ্ধ ও বিপজ্জনক হিসেবে চিহ্নিত এলাকায় চলাচলের সময় জাহাজটি নৌ-মাইনে আঘাত পায়। এরপরই এতে আগুন ধরে যায়।