‘পুলিশ দিয়ে মানুষ হত্যা করতে চায় না বিএনপি সরকার’, মাদারীপুরে এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়ার পাশাপাশি এমপির বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার মতো একের পর এক নাশকতার ঘটনা ঘটলেও পুলিশ কাউকে একটি গুলিও করেনি। কারণ বর্তমান সরকার কখনই পুলিশ দিয়ে মানুষ হত্যা করতে চায় না। মানুষকে ভালোবাসা দিয়েই বিএনপি সরকার সব অরাজকতার জবাব দিতে চায়।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার চতুরপাড়া এলাকায় মিনি ক্রিকেট টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এমপি খোকন তালুকদার বলেন, পরাশক্তিকে মোকাবিলা করার জন্য বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। জনগণ সজাগ থেকে রাজপথে পতিত স্বৈরাচারকে প্রতিহত করবে।

বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক তালুকদার খোকন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সৎ ইচ্ছার কারণে স্কুল-কলেজ পর্যায়ে খেলাধুলার প্রতিযোগিতা শুরু হয়েছে। ফুটবল থেকে শুরু করে ক্রিকেট সব ধরনের খেলাধুলায় ছাত্রদের আগ্রহ অনেক বেড়েছে। খেলার মাঠে হাজারো দর্শকের উপস্থিতি তার বড় উদাহরণ।

স্থানীয় যুবক মহিউদ্দিন শিকদার রাজীব-এর উদ্যোগে ও চতুরপাড়া স্পোটিং ক্লাবের আয়োজনে খেলায় বড় খালপাড় সূর্য তরুণ ক্লাবকে হারিয়ে বিনা উইকেটে ৯৪ রানে চ্যাম্পিয়ন হয় মাটি ভাঙা যুব উন্নয়ন ক্লাব। পরে খেলায় অংশ নেওয়াদের হাতে পুরস্কার হিসেবে রঙিন টেলিভিশন তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চতুরপাড়া স্পোটিং ক্লাবের সভাপতি বিবেক ঘোষ।