বাংলাদেশ-পাকিস্তান সাফের সেমিফাইনাল ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। ফুটবল উন্মাদনার মধ্যে গতকাল জাতীয় স্টেডিয়ামে প্রেসিডেন্ট বক্সে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমন্ত্রণবিহীন অনেকে প্রেসিডেন্ট বক্সে বসে খেলা দেখেছেন। তাদের প্রবেশে বাধা দেওয়ায় লাঞ্ছনার শিকার হয়েছেন বাফুফের এক স্টাফ।
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ছিল রাত সাড়ে আটটায়। সেই ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে প্রেসিডেন্ট বক্সের পরিস্থিতি উত্তপ্ত হয়। জাতীয় স্টেডিয়ামের স্পেশাল বক্স অত্যন্ত সংরক্ষিত জায়গা। যেখানে বিশেষ কার্ড বা আমন্ত্রণ পত্র ছাড়া প্রবেশের সুযোগ নেই। এরপরও বেশ কয়েকজন ব্যক্তি নির্দিষ্ট পাস ছাড়া উপস্থিত হন।
স্টেডিয়ামের এক নম্বর গেট ও লিফটে নিরাপত্তা কর্মীরা বাধা দিলেও বেশ কয়েকজন ব্যক্তি প্রভাব খাটিয়ে প্রেসিডেন্ট বক্সের সামনে উপস্থিত হন। তখন বাফুফের দায়িত্বরত একজন স্টাফ এগিয়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। অনুমতি ছাড়া প্রবেশাধিকার নেই এবং এখানে আসন সংখ্যা সীমিত বলে বুঝানোর চেষ্টা করেন তিনি। কিন্তু অনুমতি ছাড়া প্রবেশ করা এসব ব্যক্তিদের মধ্যে কয়েকজন উত্তেজিত হয়ে বাফুফে স্টাফকে গালাগালি করেন। এক পর্যায়ে প্রেসিডেন্ট বক্সের পেছনে এক রুমে নিয়ে বাফুফের সেই স্টাফকে এবং তার গায়ে হাত তোলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার সময় উপস্থিত থাকা একজন ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, আরেকজন ক্রীড়া প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়েছেন বলে জানিয়েছেন অনেকে।
প্রেসিডেন্ট বক্সে গতকাল আর্জেন্টিনাসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন। আমন্ত্রণ ছাড়া বাড়তি লোকজনের উপস্থিতিতে বেশ হৈচৈ হয় এবং বাকবিতণ্ডায় বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়। এক পর্যায়ে বাফুফে স্টাফকে কান্নারত অবস্থায় দেখেন ফেডারেশনের এক সহ-সভাপতি। পরবর্তীতে তিনি জাতীয় ক্রীড়া পরিষদের দায়িত্বশীল একজনকে এই ঘটনার বিস্তারিত জানান। এরপর সেই ব্যক্তি ও আগত কয়েকজন বাফুফে স্টাফের কাছে একাধিকবার দুঃখ প্রকাশও করেছেন। প্রেসিডেন্ট বক্সে উপস্থিত একাধিক ব্যক্তির মাধ্যমে এই ঘটনার বিবরণ জানা গেছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তিনটি ম্যাচেই উপস্থিত ছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদের মালিকানাধীন সম্পত্তি জাতীয় স্টেডিয়াম। বাফুফে আন্তর্জাতিক খেলায় এনএসসি, মন্ত্রণালয় এবং বিশিষ্ট ব্যক্তিদের প্রেসিডেন্ট বক্সের জন্য পাস সরবারহ করে। ফেডারেশন থেকে চাহিদাকৃত পাস সরবারহের পরও প্রতিমন্ত্রীর সঙ্গে এবং প্রতিমন্ত্রীর পরিচয়ে অনেক ব্যক্তিই প্রেসিডেন্ট বক্সে প্রবেশ করেন বলে জানান প্রেসিডেন্ট বক্সে থাকা অনেকে।
এর আগে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে প্রেসিডেন্ট বক্সে বসে নিজেদের মধ্যে বাদানুবাদে জড়িয়েছিলেন বাফুফের দুই নির্বাহী সদস্য। সাফের টিকিট নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে উপনীত হওয়ার আগে এক সহ-সভাপতির হস্তক্ষেপে বিষয়টি সেখানেই সমাধান করা হয়।
প্রেসিডেন্ট বক্সে আগে ফেডারেশনের নির্বাহী কমিটির সবাই এক সঙ্গে বসে খেলা উপভোগ করতেন। এবার সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিরা এক দিকে বসেন। নির্বাহী কমিটির ১৫ জন সদস্যকে আরেক পাশের চেয়ারে বসার ব্যবস্থা হয়েছে। এতে সদস্যদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রেসিডেন্ট বক্সে নির্বাহী কমিটির সবাই দু’টি করে পাস পান নিজ পরিবার কিংবা কাছের কাউকে নিয়ে আসার জন্য। প্রত্যেকের জন্য দু’টি বরাদ্দ থাকলেও অনেকে নানা উপায়ে তিন-চার গুণ লোক নিয়ে আসেন। ফলে প্রেসিডেন্ট বক্স রীতিমতো সাধারণ গ্যালারিতে পরিণত হয়!
প্রেসিডেন্ট বক্সে বাংলাদেশের দুই ম্যাচেই দুই রকম ঘটনা ঘটেছে। অথচ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল অনুপস্থিত ছিলেন। তিনি পারিবারিক কারণে দেশের বাইরে অবস্থান করছেন। দেশে ফিরে এসব বিষয়ে কি পদক্ষেপ নেন সেটাই দেখার বিষয়।
