আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি পেল আফগানিস্তান। আইসিসির সর্বশেষ পুরুষদের ওয়ানডে দলীয় র্যাঙ্কিংয়ের হালনাগাদে শ্রীলঙ্কাকে টপকে ছয় নম্বরে উঠে এসেছে দলটি। ওয়ানডে ক্রিকেটে এটিই আফগানিস্তানের সর্বোচ্চ অবস্থান।
২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর থেকেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে আসছে আফগানিস্তান। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে ওঠা দলটির উল্লেখযোগ্য সাফল্য।
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ১৯১ ম্যাচ খেলেছে আফগানিস্তান। এর মধ্যে জয় পেয়েছে ৯৬টিতে। দলটির জয়-পরাজয়ের অনুপাত ১.০৯, যা তাদের ধারাবাহিক পারফরম্যান্সেরই প্রতিফলন।
এর আগে থেকেই ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো অভিজ্ঞ দলগুলোর ওপরে ছিল আফগানিস্তান। এবার শ্রীলঙ্কাকে ছাড়িয়ে নিজেদের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে তারা।
সাম্প্রতিক সময়েও দারুণ ছন্দে রয়েছে আফগানরা। আয়ারল্যান্ডের মাটিতে চার ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে দলটি। এরপর জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত ছিল তারা।
এদিকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নবম আর ইংল্যান্ড অষ্টম স্থানে রয়েছে। ৫০ ওভারের ক্রিকেটে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। র্যাঙ্কিংয়ের দুইয়ে নিউজিল্যান্ড, তিনে দক্ষিণ আফ্রিকা, চারে পাকিস্তান আর পাঁচে অস্ট্রেলিয়ার অবস্থান।
