গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং চলমান শ্রমিক আন্দোলনে কোনো ধরনের বলপ্রয়োগ না করার দাবি জানিয়েছে এনসিপির শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’।
সোমবার (২ নভেম্বর) গাজীপুর চৌরাস্তায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি নিয়োগ প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং বর্তমান সরকারের নীতিনির্ধারকদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও দাবি উপস্থাপনকালে জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদ অভিযোগ করেন, মজুরি বোর্ডে যে শ্রমিক প্রতিনিধি নিয়োগ করা হয়েছে, সেখানে শ্রমিকদের প্রকৃত স্বার্থ রক্ষা হবে না।
তিনি বলেন, সরকারদলীয় সমর্থক হিসেবে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও এনজিওপন্থী শ্রমিক নেতা বাবুল আক্তারকে প্রতিনিধি করা হয়েছে, যারা শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হবেন। এর পরিবর্তে শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সুলতান আহমেদকে শ্রমিক প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করাটাই অধিক যৌক্তিক ছিল বলে মন্তব্য করেন তিনি।
চলমান শ্রমিক আন্দোলনে বলপ্রয়োগ না করার কড়া হুশিয়ারি দিয়ে ঋয়াজ মোর্শেদ বলেন, ছাত্র-শ্রমিক-জনতার অবিরাম আন্দোলনের ওপর ভর করেই তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরেছেন। অথচ আজ শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে বলপ্রয়োগ করা হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে না নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্দোলন দমানোর চেষ্টা করা হলে পরিস্থিতি এমন দিকে মোড় নেবে, যেখানে তারেক রহমান পালানোর পথও খুঁজে পাবে না।
গাজীপুর চৌরাস্তায় দুপুর ১২টায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত হয়ে বক্তব্য দেন গাজীপুর মহানগর এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম।
এছাড়া জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য সংগঠক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম। সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব তৌফিকুজ্জামান পীরাচা।
আরমান হোসাইন তার বক্তব্যে বলেন, ৩০ হাজার টাকা মজুরি কোনো বিলাসিতা নয়। শ্রমিক শুধু সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতেই এই টাকা লাগে বর্তমান বাজারে। সঠিক রেশনিং সিস্টেম থাকলে আমরা মজুরিবৃদ্ধির জন্যে রাস্তায় আনতাম না।
আব্দুল্লাহ আল মুহিম তার বক্তব্যে বলেন, শ্রমিকের ন্যায্য আন্দোলনে লীগ না খুঁজে লীগ যখন প্রকাশ্যে মিছিল করে সেটা ঠেকানোর ব্যবস্থা করেন।
সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে শান্তিপূর্ণ উপায়ে বেতন বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
