সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে উপজেলার জগন্নাথপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত আসমান শেখের ছেলে মো. হান্নান শেখ (৪৭) এবং কেরামত শেখের ছেলে মো. কবির শেখ (৩০)।
এসআরবি-৬-এর দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ২৪৬ বোতল ফেয়ারড্রিল, ৮০ বোতল উইনকারেক্স ও ২১ বোতল এস্কাফ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার করা মাদকের পরিমাণ ৩৪৭ বোতল। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী এসব মাদক জব্দ করা হয়।
বাংলা সংবাদ
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেবহাটা থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদকসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।
