বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পতিত দোসররা পাশের একটি দেশের ইন্ধনে এবং ধর্ম ব্যবসায়ীরা যারা জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছিল সেই অপশক্তিটি তারা যৌথভাবে দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির করে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য চক্রান্ত চালাচ্ছে।
মতামত কলাম পড়ুন
সোমবার (২ নভেম্বর) দুপুরে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষ রোপণ শেষে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ‘ফ্যাসিস্ট ও মাফিয়া’ সরকার অন্যায়, অত্যাচার, খুন-গুম এবং লুটপাট করে দেশকে আজ ধ্বংসের দোরগোড়ায় দাঁড় করে দিয়েছে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে।
তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আবু সাঈদ, ওয়াসিম আকরাম ও তামীমসহ প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শুধুমাত্র বিএনপি পরিবারেরই ৪২২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। এই আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ আহত ও পঙ্গু হয়েছেন এবং অনেকেই চিরতরে তাদের চোখ হারিয়ে অন্ধত্ব বরণ করেছেন। এই গণহত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।‘
বাংলাদেশ তাতবোর্ড এর চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, মহসিন হোসাইন বিদ্যুৎ, আমিনুল হক বাচ্চু, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।
