প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানালেন দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মানুষের মধ্যেই আগ্রহ রয়েছে। তবে সফর নিয়ে তাড়াহুড়ো নেই।’

তিনি বলেছেন, ‘তারিখ নিয়ে কোনো কথা হয়নি। মাস, তারিখ কোনো কিছুর কথা হয়নি। একটা আছে, ডেফিনেটলি ১২০ শতাংশ যে ভিজিট উইল টেক প্লেস। আর তাড়াহুড়ো করলে কারও কোনো লাভ নেই। আমাদের নিশ্চিত করতে হবে যে যথাযথ প্রস্তুতি হোক।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ঢাকা-দিল্লি সম্পর্কে চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসলে সেগুলোর সমাধান সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, ‘দু-দেশের সরকার প্রধান একসঙ্গে বসলে সেসব সমস্যা সমাধান হবে। ঢাকা-দিল্লী সম্পর্ক এগিয়ে নিতে শতভাগ কাজ করবো।’

দীনেশ ত্রিবেদী বলেন, ‘দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্য, পানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এ ধরনের শীর্ষ বৈঠকের আগে কর্মকর্তাদের কাজ করতে হবে এবং বৈঠকের পর বাস্তবায়নযোগ্য বিষয়ও থাকা দরকার।’

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমি চাই এটা আগামীকালই হোক। নভেম্বর পর্যন্ত কেন অপেক্ষা করব? এটা আগামীকালও হতে পারে। কিন্তু সত্যি বলছি, কোনো তারিখ ঠিক করার কথা হয়নি, মাসও হয়নি। হবে, এটাই।’

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘এটি হাই কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাত।’ দুই দেশ একসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কাজ করবেন বলেও জানান তিনি।

সোহরাওয়ার্দী উদ্যানে মুর‍্যাল নিয়ে মন্ত্রী বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে মুর‍্যালে কোনো পরিবর্তন আনা হচ্ছে না, গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *