প্রথমবার টিভি পর্দায় ‘রেহানা মরিয়ম নূর’

২০২১ সালের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। আব্দুল্লাহ মোহাম্মদ সাদের এই সিনেমা বিখ্যাত কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে (আঁ সার্তে রিগা) জায়গা করে নিয়েছিল; যা বাংলাদেশি সিনেমার জন্য বিরল ইতিহাস। এরপর আরও নানা উৎসবেও সিনেমাটি প্রদর্শিত হয়, প্রশংসা পায়।

ওই বছরের নভেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রেহানা মরিয়ম নূর’। তবে এতদিনে টিভি পর্দায় দেখানো হয়নি সিনেমাটি। দীর্ঘ পাঁচ বছর পর অবশেষে বোকাবাক্সের পর্দায় আসছে সিনেমাটি।

১ অক্টোবর দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে ‘রেহানা মরিয়ম নূর’ এদিন চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী। সে উপলক্ষে বিশেষ আয়োজনের অংশ হিসেবে এই সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে।

বলা ভালো, ২০২১ সালের ডিসেম্বরেই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে মুক্তি পায়। ফলে অন্তর্জালে আগে থেকেই দেখা যায় এটি।

উল্লেখ্য, এক বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে ছবির গল্প। কলেজের একটি অপ্রত্যাশিত ঘটনার জের ধরে সে প্রতিবাদী ও একরোখা হয়ে ওঠে। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। আরো আছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, সাবেরী আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *