সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে আহত ৩, আতঙ্কে রোগীরা

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগের ছাদের একটি অংশ হঠাৎ খসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা রোগীরা হলেন রফিকুল ইসলাম (৭০), আকতার হোসেন (৮০) ও আবুল খায়ের (৪৫)। তাদের মধ্যে আবুল খায়ের গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভবনটি পুরোনো হওয়ায় এর আগেও শিশু ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনায় পুরুষ ওয়ার্ডের রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই হাসপাতাল ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন। রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের ঝুঁকিপূর্ণ অবকাঠামোর দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান জানান, হাসপাতালের ধারণক্ষমতা ২৫০ শয্যার হলেও বর্তমানে প্রায় ৬০০ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এতে পুরো অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, বিষয়টি চাঁদপুর গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে। তারা ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *