নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে আমরা রাস্তায় নেমেছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ টাঙ্গাইল অতিক্রমকালে নগর জালফৈ বাইপাস এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, এই লড়াই জনগণের জন্য, ১৮ কোটি মানুষের জন্য। সেই লড়াইয়ের আওয়াজ নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আপনাদের দাবি আদায় করে ঘরে ফিরব। এর মাঝে কোনো বিরতি নেই, এই কাফেলা অবিরাম চলতেই থাকবে।
তিনি বলেন, প্রথম দফার লংমার্চ সফল হয়েছে এবং তাতে মানুষ একাত্মতা প্রকাশ করেছে। এরপর থেকেই সরকারবিরোধীরা লং মার্চ নিয়ে প্রশ্ন তুলছে। ৭০ শতাংশ ভোটের রায় কেন বাস্তবায়ন করা হলো না, ১৪শ শহীদের রক্তের সঙ্গে কেন বেঈমানি করা হলো, এ প্রশ্নের জবাব দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করা হয়নি। জাতি যে বিষয়গুলো চায়, সেগুলো দিতে আপনারা ব্যর্থ হচ্ছেন।
তিনি আরও বলেন, সব দুঃশাসনের বিরুদ্ধে লড়াই হবে। সেই লড়াইয়ে জনতার বিজয় হবে। আমাদের দাবি আট দফায় পরিণত হয়েছে। জনগণের প্রয়োজনে দফা আরও বাড়তে পারে। আবার জনগণের প্রয়োজনে সব দফা বিলুপ্ত করে এক দফার ঘোষণাও আসতে পারে।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা একটি স্বৈরাচারকে হটিয়েছি, এখন নতুন স্বৈরাচার গজিয়ে উঠেছে বাংলাদেশে।
