গ্যাস সংকটে বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার, নতুন সংকটের শঙ্কা

তিতাস গ্যাসের সংযোগ লাইন আছে, কিন্তু গ্যাস নেই। তাই রান্নাবান্নায় কয়েক বছর ধরে এলপিজির ওপরই ভরসা। কিন্তু, এলপিজির দামও বেড়ে যায় হুটহাট, তাই নিয়মিত ব্যবহার করছেন বৈদ্যুতিক চুলা। সেখানেও বিপত্তি, কারণ বাড়তি বিদ্যুৎ বিলের সঙ্গে বেড়েছে লোডশেডিংও।

রাজধানীর বিভিন্ন এলাকায় নিত্যদিনকার জ্বালানি ভোগান্তিতে এমন অসংখ্য পরিবার। বিশেষ করে মধ্যবিত্তের জন্য এক বাড়তি দুশ্চিন্তা, কিভাবে হবে রান্না?

একজন গৃহিনী বলেন, এলপিজির দাম হঠাৎ করে বেড়ে যায়। তখন ইলেকট্রিক চুলা নিলাম। কিন্তু এখন আবার কারেন্ট চলে যায়। আবার বিদ্যুতের বিলও ইদানিং প্রচুর আসে।

আরেকজন গৃহিনী বলেন, বাচ্চারা বলল আম্মু এটা করে দাও, ওটা করে দাও। সম্ভব হয় না।

২০১৩ সালের পর আবাসিকে কোনো গ্যাস সংযোগ দেয়নি সরকার। তিতাস বলছে তাদের বৈধ গ্রাহক প্রায় ২৮ লাখ। বাকিদের নির্ভর করতে হচ্ছে এলপিজি, বৈদ্যুতিক চুলাসহ নানা উপায়।

দেশে কী পরিমাণ বৈদ্যুতিক চুলা কিংবা ইনডাকশন ব্যবহার হচ্ছে, তার সঠিক কোন পরিসংখ্যান নেই। তবে এই চুলার চাহিদা যে বাড়ছে তা স্বীকার করছে বিভিন্ন কোম্পানি। বিদ্যুৎখাতের গবেষকরা বলছেন, ১০ লাখ ইন্ডাকশন চুলার পেছনে বিদ্যুৎ খরচ অন্তত ২ হাজার মেগাওয়াট।

আইইইএফএ’র প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বলেন, এক মিলিয়ন নতুন ইলেকট্রিক কুক স্টোভে যদি রান্নার কাজ চলে তাহলে দুই হাজার মেগাওয়াটের চাহিদা তৈরি হবে। লাখ লাখ মানুষ ইলেকট্রিক কুক স্টোভ ব্যবহার শুরু করলে, যে চাহিদা তৈরি হবে, তা বিদ্যুতের গ্রিডের ওপর চাপ বাড়াবে। সরকার এটাকে কিভাবে ম্যানেজ করবে, কাজেই রান্নার জ্বালানির জন্য পরিপূর্ণ রোডম্যাপ তৈরি করতে হবে।

নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষক ও অর্থনীতিবিদ গোলাম মোয়াজ্জেম বলছেন, বিদ্যুতের ক্ষেত্রে নবায়নযোগ্য উৎস বাড়ানো এবং গ্যাসের ক্ষেত্রে আমদানি কমিয়ে নিজস্ব উত্তোলনের বিকল্প নেই।

সিপিডি’র গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এক্সপ্লোরেশনের জন্য যে গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড আছে, আওয়ামী লীগ সরকারের সময় সেটাকেও এলএনজি আমদানির জন্য ব্যবহার করা হয়েছে। বঙ্গোপসাগর থেকে গ্যাস এক্সপ্লোরেশনের জন্য জোরালো উদ্যোগ নেয়া , এমনকি স্থলভাগ থেকে গ্যাস এক্সপ্লোরেশনে বাপেক্সকে আরও জোরালোভাবে উদ্যোগ নেয়া, যে ৪৮টা কূপ খনন টার্গেট নিয়েছে তারা, সেটা থেকে তারা যেন কোনোভাবে পিছপা না হয়।

নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে বৃহৎ ও ছোট বিনিয়োগ মডেলে সুনির্দিষ্ট নীতিমালা, নেটমিটারিং সহজ করা এবং বাসাবাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনে সরকারি প্রণোদনার পরামর্শ বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *