কুষ্টিয়ায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির ৫-৬ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও বাড়িঘরে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রুহুলের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে হামলা চালান। এ সময় কার্যালয়ে থাকা নেতাকর্মী ও সমর্থকদের মারধর এবং ভাঙচুর করা হয়। এতে ৫ থেকে ৬ জন আহত হয়েছেন বলে দাবি তাদের।
হামলার শিকার বিএনপির সমর্থকরা জানান, সন্ধ্যার পর নলকোলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী বসে মুড়ি-চানাচুর খাচ্ছিলেন। এ সময় রুহুলের নেতৃত্বে একদল লোক সেখানে এসে হামলা ও ভাঙচুর চালায়।
তাদের দাবি, কয়েকদিন আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে ইবি থানায় একটি নাশকতার মামলা হয়। ওই মামলায় আওয়ামী লীগ নেতা রুহুলসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। পরে আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফেরার পর রুহুলের নেতৃত্বে বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয়।
এদিকে বিএনপি কার্যালয়ে হামলার পর বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে জানা গেছে। এছাড়া তার পাটের গোডাউনে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে ইবি থানা পুলিশ উপস্থিত রয়েছে। তিনিও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
