বর্জ্য অপসারণে অতিরিক্ত টাকা নিলেই টেন্ডার বাতিল, কঠোর হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

‘ক্লিনিং ডে’ কর্মসূচিতে পরিচ্ছন্ন নগর গড়ার আহ্বান; ডেঙ্গু নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও হাসপাতাল প্রস্তুতির কথা জানালেন প্রশাসক

রাজধানীর বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের টেন্ডার বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শান্তিনগর বাজারে আয়োজিত ‘ক্লিনিং ডে’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ সতর্কবার্তা দেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। তিনি সবাইকে নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানের সামনের রাস্তা পরিষ্কার রাখার আহ্বান জানান।

তিনি বলেন, বাজার ও বিভিন্ন মার্কেট থেকে অনেক ব্যবসায়ী রাস্তার মাঝখানে ময়লা-আবর্জনা ফেলে যান, যা নগর পরিচ্ছন্নতায় বড় বাধা হয়ে দাঁড়ায়। এ বিষয়ে ব্যবসায়ীদের নির্ধারিত ডাস্টবিনে এবং নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় হকাররা ব্যবসা পরিচালনা করলেও অনেকেই নিজেদের উৎপাদিত বর্জ্য যথাযথভাবে অপসারণ করছেন না। তাদেরও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে।

অক্সিজেনের ভারসাম্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নগরজীবনে সবুজায়নের বিকল্প নেই। পরিচ্ছন্নতার পাশাপাশি বেশি বেশি গাছ লাগানোর ওপরও গুরুত্ব দিতে হবে।

বাসাবাড়ির বর্জ্য অপসারণ নিয়ে বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগের প্রসঙ্গ টেনে আবদুস সালাম বলেন, কোথাও কোথাও নিয়মিত বর্জ্য সংগ্রহ করা হচ্ছে না। আবার অনেক ঠিকাদার নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

তিনি স্পষ্টভাবে বলেন, ‘যারা বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ নেবে বা দায়িত্বে অবহেলা করবে, ভবিষ্যতে তাদের আর টেন্ডার দেওয়া হবে না।’

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত জরিপে প্রায় ৬৫ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে নতুন ধরনের লার্ভানাশক ট্যাবলেট ব্যবহার শুরু হয়েছে। যেসব স্থানে সরাসরি গিয়ে ওষুধ প্রয়োগ করা সম্ভব নয়, সেখানে এই ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে।

এছাড়া সম্ভাব্য ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

ডিএসসিসির পক্ষ থেকে নগর পরিচ্ছন্নতা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *