চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় বিএনপির অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। তার অভিযোগ, গণ-অভ্যুত্থানের সুফল ভোগ করলেও বিএনপি এখন সেই আন্দোলনের মূল চেতনা থেকে সরে এসেছে এবং জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা মহানগর ও পূর্ব জেলা শাখা যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
মাওলানা মামুনুল হক বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশে একটি নতুন বিএনপিকে দেখা যাচ্ছে, যারা বিপ্লবের সুবিধাভোগী হয়েও সেই বিপ্লবের পিঠে ছুরিকাঘাত করতে উদ্যত হয়েছে। তার ভাষ্য, জুলাই সনদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি ধারাবাহিকভাবে আপত্তি জানিয়ে সনদের মূল উদ্দেশ্যকে দুর্বল করার চেষ্টা করেছে।
তিনি অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন প্রস্তাবের সঙ্গে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত যুক্ত করেছে। দীর্ঘ নয় মাসের আলোচনার পর চূড়ান্ত হওয়া জুলাই সনদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিএনপির আপত্তির কারণে মূল সনদে স্থান পায়নি। ফলে সেগুলো ভিন্নমতের তালিকায় চলে গেছে।
মামুনুল হকের দাবি, দেশের অধিকাংশ রাজনৈতিক দল যেখানে বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে, সেখানে কেবল বিএনপিই অধিকাংশ ধারা ও উপধারার সঙ্গে দ্বিমত পোষণ করেছে। এতে জাতীয় ঐক্যের প্রচেষ্টা ব্যাহত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির সমালোচনা করে খেলাফত মজলিসের মহাসচিব আরও বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করে দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলার সুযোগ সংকুচিত করার চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, এসব বিষয় জনগণের সামনে তুলে ধরলে সরকার তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে এবং রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করছে।
তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে দমিয়ে রাখতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তবে জনগণের সমর্থন থাকায় এসব ষড়যন্ত্র সফল হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা পূর্ব জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা অলিউল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা মহানগর খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আমানুল্লাহ মুন্সী, সহ-সভাপতি মাওলানা আবুল বাশার, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম, দেবিদ্বার উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মো. মোফাজ্জল হোসেন, এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ নাবিদ নওরুজ শাহ।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণ-অভ্যুত্থানের চেতনা এবং জাতীয় ঐক্য রক্ষার গুরুত্ব নিয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন ও গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
