সুনামগঞ্জের শাল্লায় সারের ডিলার নিয়োগ পেয়েছেন ঝিমলী রাণী তালুকদার। তিনিকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের শাল্লা উপজেলা সভাপতি ও ডেভিল হান্ট মামলার এজহারভুক্ত আসামি বিশ্বজিৎ চৌধুরী নান্টুর স্ত্রী।এ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ১০ অক্টোবর সন্ধ্যায় শাল্লা উপজেলার ৪টি ইউনিয়নে নিয়োগপ্রাপ্ত ডিলারদের তালিকা প্রকাশ হয়। এ তালিকায় আওয়ামী লীগপন্থী একাধিক ব্যক্তির নাম রয়েছে। বাহারা ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ডেভিল হান্ট মামলার আসামি বিশ্বজিৎ চৌধুরী নান্টুর স্ত্রী মেসার্স হৃদিতা এন্টারপ্রাইজের প্রোপাইটার ঝিমলি রাণী তালুকদার। হবিবপুর ইউনিয়নে শ্রীপালী ভান্ডারের প্রোপাইটার ছাত্রলীগ নেতা জুয়েল রায়। বিগত সরকারের সময় একই প্রতিষ্ঠানের নামে সারের ডিলার নিয়োগ পেয়েছিলেন তার বাবা রঞ্জিত রায়।
চারটি ইউনিয়নের মধ্যে দুটিই ইউনিয়নে সার ডিলার নিয়োগ পেয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দায়িত্বশীল ব্যক্তিরা। এতে সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় তারা দায়ী করেছেন উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস এবং কমিটির সদস্য সচিব কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়কে।
এ বিষয়ে শাল্লা উপজেলা ছাত্রদলের আহবায়ক তারেক হাসান বলেন, ইউএনও পরিকল্পিতভকবে আওয়ামী লীগ পুর্নবাসন করছেন। তিনি সবকিছু জেনে তাদের নিয়োগের জন্য সুপারিশ করেছেন। ইতোমধ্যে আমরা মানববন্ধন করেছি তাদের বাতিল করার দাবিতে। যদি আওয়ামী লীগ নেতাকর্মীদের বাতিল করা না হয় তবে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ডেভিল হান্ট মামলার আসামির স্ত্রী কিভাবে ডিলার হিসেবে নিয়োগ পায় চিন্তা করা যায় না।
এ বিষয়ে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, আবেদন যারা করেছেন আমরা যাচাই-বাছাই করে জেলাতে পাঠিয়ে দিয়েছি। কার কে সেটা তো আমরা জানি না।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানান, উপজেলা থেকে বাছাই করে তিনজনের আবেদন পাঠিয়েছে আমরা তা হুবহু কেন্দ্রীয় কমিটিকে প্রেরণ করেছি। কেন্দ্রীয় কমিটি যাচাই-বাছাই করে নিয়োগ দিয়েছে। আমাদের এখানে কোনো ধরনের সুযোগ নেই। তবে এখন পর্যন্ত এগুলো চূড়ান্ত নয়। এটি প্রাথমিক পর্যায়ে আছে। কেউ যদি অভিযোগ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
