মাদক কারবারিদের পক্ষে তদবির না করতে রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান আইনমন্ত্রীর

মাদক কারবারি ও মাদকসেবীদের পক্ষে প্রশাসনের কাছে কোনো ধরনের তদবির না করতে রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামে সুদীন্দ্রনাথ ঘোষ (মানু) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত ১৬-১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ওই সময়ে তাদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। ৬০০ জনকে গুম করা হয়েছে। 

প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দেওয়া হয়েছে এবং তাঁদের বাড়িঘর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হাসান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা পুলিশ সুপার আশিস বিন হাসান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।