মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে দুজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।

গ্রেফতার দুজন হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ নম্বর ওয়ার্ডের নেতা আক্তারুজ্জামান উজ্জ্বল ও আল মাসুদ জনি।

ওসি জানান, উপ-পরিদর্শক রাজু আহমেদ আমিরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওই দুই নেতাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এই দুই নেতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণসহ লোক সংগ্রহ করতেন এবং মিছিলে অর্থ দিয়ে সহায়তা করতেন। তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনেও যোগাযোগ রাখতেন। ঢাকার ভেতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য  লালমাটিয়া এলাকায়  অবস্থান করছিলেন দুজন। 

এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *