রাজশাহীর পবা উপজেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা যুগ্ম সম্পাদক ও রাজশাহী নগরীর সুজাউদ্দৌলা কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মাঞ্জালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে পবা উপজেলায় বিএনপি নেতা শাজাহান আলীর মালিকানাধীন শিমুল অটো ফ্লাওয়ার মিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মাঞ্জাল ওই বিএনপি নেতার আশ্রয়ে ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান বলেন, দীর্ঘদিন ধরে মাঞ্জালের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল এবং তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। পরে মোবাইল ফোনের সূত্র ধরে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
পুলিশ জানায়, মাঞ্জালের বিরুদ্ধে সুজাউদ্দৌলা কলেজের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ আগে থেকেই ছিল। এ ছাড়া চাকরি দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে অন্তত এক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
