নবান্ন উপলক্ষ্যে জয়পুরহাটে এক দিনের মাছের মেলা, দাম নিয়ে অসন্তোষ

নতুন চালের ঘ্রাণ, পাতে বড় মাছ আর শ্বশুরবাড়ির আনন্দ-আতিথেয়তা। নবান্নকে ঘিরে এমনই এক চিরায়ত গ্রামীণ ঐতিহ্য বয়ে চলেছে জয়পুরহাটের কালাইয়ে। প্রতিবছর এই উৎসবের অংশ হয়ে ওঠে পাঁচশিরা বাজারের এক দিনের মাছের মেলা, যা স্থানীয়দের কাছে ‘জামাই মেলা’ নামে পরিচিত। এবারও ভোর থেকে বড় মাছের পসরা আর ক্রেতাদের হাঁকডাকে জমে উঠেছে মেলা। আশপাশের ২০-২৫ গ্রামের মানুষের কাছে এটি পরিণত হয়েছে মিলনমেলায়।

বুধবার (১৮ নভেম্বর) ভোরে কালাই পৌরসভার পাঁচশিরা বাজারে বসে এ মেলা। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। দোকানে দোকানে সাজিয়ে রাখা হয় বড় আকারের রুই, কাতলা, মৃগেল, বোয়াল, সিলভার কার্প, গ্লাসকার্প, ব্ল্যাক কার্প ও পাঙ্গাসসহ নানা প্রজাতির মাছ। ছোট মাছের উপস্থিতি ছিল খুবই কম। আকার ও প্রজাতিভেদে এসব মাছ কেজিপ্রতি ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেলাটির সঙ্গে স্থানীয় পারিবারিক ঐতিহ্য জড়িয়ে আছে। এলাকার লোকজন জামাই ও আত্মীয়-স্বজনকে দাওয়াত করেন। নবান্ন উপলক্ষ্যে জামাইরা মেলা থেকে বড় মাছ কিনে নিয়ে যান শ্বশুরবাড়িতে। নতুন চালের ভাতের সঙ্গে বড় মাছ দিয়ে আপ্যায়নের মধ্য দিয়ে তারা নবান্নের আনন্দ উদযাপন করেন।

মেলায় বিশালাকৃতির দুটি রুই মাছ কিনেছেন জামালগঞ্জের সাহাপুর থেকে আসা ক্রেতা নুরনবী। ১৬ ও ১৩ কেজি ওজনের মাছ দুটির প্রতি কেজির দাম পড়েছে ১ হাজার ২০০ টাকা। 

তিনি বলেন, নিকটাত্মীয়দের দাওয়াত করেছি। নতুন চালের ভাতের সঙ্গে এই মাছ দিয়ে তাদের আপ্যায়ন করব।

পরিবারের সদস্যদের নিয়ে মেলায় এসেছিলেন কালাইয়ের ব্যবসায়ী শুভ কর্মকার। তিনি ৪ হাজার টাকায় একটি কাতলা মাছ কিনেছেন। জামাই সাইদুল ইসলাম কিনেছেন সাত কেজি ওজনের একটি কাতলা, যার দাম পড়েছে প্রায় ৩ হাজার টাকা।

তবে মাছের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ রয়েছে। ক্রেতা জামাল হোসেন, আসিফ, মফিদুল, রেদোয়ানসহ কয়েকজন জানান, এবারের মেলায় প্রচুর মাছ উঠেছে, কিন্তু দাম বেশি। এ কারণে ইচ্ছা থাকলেও অনেকে চাহিদামতো মাছ কিনতে পারছেন না।

মাছ ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় এবার মাছের দাম কিছুটা বেশি। মেলায় মানুষের উপস্থিতি ভালো হলেও বেশি দামের কারণে বেচাকেনা তুলনামূলক কম। তবে দিন শেষে ভালো বিক্রির প্রত্যাশা করছেন তারা।

কালাই পৌর হাটের ইজারাদার শামিম তালুকদার বলেন, নবান্ন উপলক্ষ্যে প্রতিবছর এই মেলায় আশপাশের ২০ থেকে ২৫টি গ্রামের মানুষ উৎসাহ-উদ্দীপনা নিয়ে আসেন।

কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নবান্ন উপলক্ষ্যে ইজারাদার প্রতিবছর পাঁচশিরা বাজারে এই মাছের মেলার আয়োজন করেন। এটি শুধু মাছ কেনাবেচা নয়, স্থানীয় মানুষের কাছে বড় আনন্দ উৎসব। মেলায় শৃঙ্খলা ও মাছের মান বজায় রাখতে মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছে।