মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টায় বিচ্ছিন্নভাবে সুযোগ নিচ্ছে অন্যরা

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে সড়ক অবরোধের চেষ্টার মধ্যে পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে আশঙ্কা করছে পুলিশ। সড়ক অবরোধের মাধ্যমে শ্রমিকরা তাদের দাবির বার্তা পৌঁছাতে চাইলেও ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে যারা তৎপরতা চালাচ্ছে, তাদের উদ্দেশ্য ভিন্ন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

বুধবার (১৮ নভেম্বর) মিরপুরে সংঘর্ষের পর সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম। 

তিনি বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ বারবার মাইকিং করে তাদের সতর্ক করেছে। রাস্তা বন্ধ না করতে এবং জনসাধারণের চলাচলে বাধা না দিতে অনুরোধ জানানো হয়েছে। কিন্তু তারা পুলিশের নির্দেশনা না মেনে সড়কে অবস্থান অব্যাহত রাখেন। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে মাইকিং ও সতর্কবার্তা দেয়। পরে সাউন্ড গ্রেনেডসহ প্রয়োজনীয় কৌশল ব্যবহার করে। 

শ্রমিকরা কেন বারবার সড়ক অবরোধ করছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহিদ বলেন, শ্রমিকরা মনে করেন, সড়ক বন্ধ করলে তাদের দাবির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে। অর্থাৎ অবরোধের মাধ্যমে তারা একটি বার্তা দিতে চান। তবে এ আন্দোলনের মধ্যে যারা ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করছে, তারা বিচ্ছিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে পারে।

শ্রমিক আন্দোলনের আড়ালে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন — এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে এডিসি জাহিদ বলেন, যারা ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে বিশৃঙ্খলা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন হতে পারে। তারা পরিস্থিতি থেকে কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে।

বিশৃঙ্খলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, যারা পুলিশের ওপর হামলা করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের আটক ও গ্রেপ্তার করা হচ্ছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

পল্লবীসহ মিরপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পুলিশ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। দেশ সবার, তাই কোনো পক্ষেরই এমন কিছু করা উচিত নয়, যাতে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনাও হলো, সবাই মিলে পরিস্থিতি শান্ত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করা।

এর আগে বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণসহ বিভিন্ন দাবিতে মিরপুর ১১ নম্বর এলাকায় সড়কে নামেন পোশাক শ্রমিকরা। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরাও পাল্টা ইটপাটকেল ছোড়েন। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মিরপুর ১২ নম্বর এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সও ভাঙচুর করা হয়। এর জানালার কাচসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

সংঘর্ষের পর মিরপুর ১১, ১২ ও পল্লবী এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়। পরে যান চলাচল স্বাভাবিক হলেও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। এ ছাড়া সংঘর্ষের পর মিরপুরের বিভিন্ন সড়কে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল ও অবস্থান করতেও দেখা যায়।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ ও কর্মক্ষেত্রে হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলছে। এসব দাবিতে বিভিন্ন সময় সড়ক অবরোধ, কারখানায় উৎপাদন বন্ধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।