আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, টিয়ারশেলে ছত্রভঙ্গ করল পুলিশ

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে আশুলিয়ায় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সদস্যরা টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করেন। দুপুর ১টার দিকে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ও আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন। 

পুলিশ জানায়, সকালে শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ করেন। পরে তারা আব্দুল্লাহপুর-বাইপাইল এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সড়িয়ে দেন। অপরদিকে আশুলিয়ায় কুমকুমারি এলাকায়  একটি পোশাক কারখানার সামনে বহিরাগত একটি দল বিক্ষোভ করে। এসময় বিক্ষোভকারীরা চারাবাগ-আক্রাইন আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।

এছাড়াও সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে জড়ো হন। পরে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সড়ক থেকে সড়িয়ে দেন। 

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হেমায়েতপুরে ২৭টি  পোশাক কারখানার ও আশুলিয়ায় অন্তত অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে। 

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঢাকা পোস্টকে বলেন,  সকালে সাভারের হেমায়েতপুরে শ্রমিকরা জড়ো হয়েছিল। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দুপুরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সকালে আশুলিয়ার জামগড়া শ্রমিকরা জড়ো হয়ে সড়কে অবস্থান নিতে গিয়েছিল। তবে তাদের সড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া কুমকুমারি এলাকায় বহিরাগতরা ঝামেলা করার চেষ্টা করছিল। তাদের টিয়ারশেল নিক্ষেপ করে নিবৃত্ত করা হয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।