চট্টগ্রামের বায়েজিদে যুবদলকর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭। ইকরাম প্রকাশ বাবু (২৯) নামের ওই আসামি মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। সোমবার (১৬ নভেম্বর) রাতে খাগড়াছড়ির মানিকছড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসআরবি-৭। এর আগে মামলার প্রধান আসামি চট্টগ্রাম মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েলসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ মামলায় মোট তিনজন গ্রেপ্তার হলেন।
এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইকরাম বাবুর অবস্থান শনাক্ত করা হয়। পরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে মানিকছড়ি উপজেলার তিনটহরী গ্রামের চেংগুছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইকরাম বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদনগর এলাকার করিমের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় জীবনকে কুপিয়ে জখম করেন আসামিরা। রাজনৈতিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে জীবনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
স্থানীয় লোকজন গুরুতর আহত জীবনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ অক্টোবর তার মৃত্যু হয়।
নিহত জীবন বায়েজিদ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। শেরশাহ এলাকার একটি আইসক্রিম কারখানায় দিনমজুর হিসেবে কাজ করতেন তিনি।
এ ঘটনায় জীবনের মা বাদী হয়ে ২৮ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়।
পরিবারের অভিযোগ, রাজনৈতিক বলয় পরিবর্তনকে কেন্দ্র করে বিরোধের জেরে জীবনকে হত্যা করা হয়েছে। তিনি আগে চট্টগ্রাম মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েলের অনুসারী হিসেবে রাজনীতি করতেন। প্রায় দুই বছর জুয়েলের সঙ্গে রাজনীতি করার পর সম্প্রতি তার সঙ্গে দূরত্ব তৈরি হয় জীবনের।
পরে তিনি নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নুরুজ্জামান শিমুলের সঙ্গে যুক্ত হন। এরপর জুয়েলের অনুসারীদের সঙ্গে তার বিরোধ তৈরি হয়।
এ ছাড়া জুয়েলের ভাগনে মেহেদী ও তার কয়েকজন অনুসারীর সঙ্গে জীবনের বিরোধ চলছিল বলে পরিবারের দাবি। হামলার আগের দিন জীবনের ছোট ভাই ইমনকে বাসা থেকে জোর করে তুলে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনা নিয়ে মেহেদীর সঙ্গে জীবনের কথা-কাটাকাটিও হয়েছিল।
পরিবারের ভাষ্য, এসব বিরোধের জের ধরেই তার ওপর হামলা চালানো হয়।
এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তার ইকরাম বাবুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত ১ নভেম্বর (রোববার) দিবাগত রাতে রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জিল্লুর রহমান জুয়েলকে গ্রেপ্তার করে এসআরবি। একই দিন সন্ধ্যায় কুমিল্লার কোতোয়ালি থানার ঠাকুরপাড়া এলাকা থেকে এজাহারভুক্ত আরেক আসামি মো. আরমানকে (২৫) গ্রেপ্তার করা হয়।
