নেত্রকোণার মোহনগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় ক্ষুব্ধ হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে অনুষ্ঠানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পরে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ। এরপর পরিস্থিতি শান্ত হয়।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে মোহনগঞ্জ উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নাম উল্লেখ থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমানসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার একপর্যায়ে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ। তাঁর বক্তব্যে সাত নভেম্বরের বিভিন্ন বিষয় উঠে এলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম একবারও উল্লেখ না করায় উপস্থিত বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে তাঁরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে হলরুমে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে শিক্ষা কর্মকর্তা নিজের আসন ছেড়ে পুনরায় মঞ্চে যান। সেখানে তিনি আগের বক্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে সাত নভেম্বরের তাৎপর্য এবং এ দিবসে জিয়াউর রহমানের নেতৃত্বের বিষয়টি তুলে ধরেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ বলেন, শিক্ষা কর্মকর্তা তাঁর বক্তব্যে একবারও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ করেননি। অথচ সাত নভেম্বরের সঙ্গে জিয়াউর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। তাঁকে বাদ দিলে এ দিবসের কোনো অর্থ থাকে না। এ কারণে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ওই কর্মকর্তা দুঃখ প্রকাশ করায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন বলেন, বক্তব্যে জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি উপলব্ধি করে শিক্ষা কর্মকর্তা দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি শান্ত হয়।
অন্যদিকে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ বলেন, তাঁকে অনুষ্ঠানে শুধু স্বাগত বক্তব্য দিতে বলা হয়েছিল। আগে থেকে কোনো লিখিত বক্তব্য বা পাণ্ডুলিপি প্রস্তুত ছিল না। তাৎক্ষণিকভাবে বক্তব্য দেওয়ার কারণে আলোচ্য প্রসঙ্গে জিয়াউর রহমানের নাম আসেনি। বক্তব্যে তাঁর নাম উল্লেখ করা প্রয়োজন মনে করেননি বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বক্তব্য শেষ হওয়ার পর একজন এসে মঞ্চে বসা ইউএনওর কাছে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। দর্শক সারিতে কয়েকজন উত্তেজিত হয়ে পড়েন। পরে তিনি আবার বক্তব্য দিয়ে বিষয়টি পরিষ্কার করেন। এ সময় সাত নভেম্বরের তাৎপর্য ও জিয়াউর রহমানের নেতৃত্বের বিষয়টি তুলে ধরলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
