নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্তক পুলিশ ও বিএনপি দলীয় নেতাকর্মীরা

মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সাথে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পাশাপাশি বিএনপি দলীয় নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে রয়েছেন। নারায়ণগঞ্জে বিভিন্ন পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে এই সতর্ক অবস্থান পরিলক্ষিত হয়।

এর আগে গত সোমবার ঢাকা-নারায়গঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকার সড়ক দুপুর ১২ টাকা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অবরোধ করে রেখেছিল গার্মেন্টস শ্রমিকরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। সেই সাথে যান চলাচল বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়কে দুর্ভোগ পোহাতে হয় পথচারী ও বাস যাত্রীদের।

ফলে এদিন সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিভিন্নভাবে শ্রমিকদের বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করে যাচ্ছেন। শ্রমিক আন্দোলনকে পুঁজি করে কেউ যাতে কারখানা, যানবাহন কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে নজরদারি রাখার কথা জানিয়েছেন বিএনপি দলীয় স্থানীয় নেতারা।

ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।

এ সময় আবুল কালাম বলেন, গত কয়েকদিন ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন করার চেষ্টা চলছে। ডিসেম্বর মাসকে সামনে রেখে পরাজিত শক্তি ও গুপ্তচক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তবে শ্রমিকদের আন্দোলনের আড়ালে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নয়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও যেনো বিশৃঙ্খলার ঘটনা না ঘটে; সেজন্য সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। একইসঙ্গে এসআরবি, পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা সড়কগুলোতে অবস্থান করছেন।