রাজবাড়ীতে অটোরিকশা থেকে রিকশার এক যাত্রীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে রিকশার যাত্রী বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শহরের পান্না চত্বরে এ ঘটনা ঘটে বলে জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন।
আহত আমির হোসেন লিটন সদর উপজেলার বানিবহ ইউনিয়নের আবুল হাশেম মোল্লার ছেলে।
আমির হোসেন লিটন জানান, দুপুরে রাজবাড়ী আদালত থেকে রিকশায় করে বাজারে যাচ্ছিলেন তিনি। পথে পান্না চত্বরে পৌঁছালে একটি অটোরিকশা তার রিকশাকে ওভারটেক করে। এ সময় অটোরিকশা থেকে মাস্কপড়া অবস্থায় দুজন ব্যাক্তি তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি গুলি তার ডান হাতে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় একজন রোগী হাসপাতালে আসেন। এক্স-রে করার পর তার হাতে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
