রাজধানীতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেপ্তার ৩৪৪

রাজধানীর মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেন্ডারিয়ায় একযোগে ব্লক রেইড দিয়েছে যৌথ বাহিনী। চার ঘণ্টার এই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৩৪৪ জনকে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি সিঙ্গেল শুটার গান, বেশ কিছু দেশীয় অস্ত্র ও গুলিসহ বিপুল মাদক উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা থেকে মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেন্ডারিয়ায় শুরু হয় বিশেষ ব্লক রেইড। পুলিশ, ডিবি, সোয়াত, এসআরবি, এপিবিএন ও ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকশো সদস্য এতে অংশ নেন।

পুলিশ জানায়, অভিযানে চারটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ৩৪৪ জন অপরাধীকে। এর মধ্যে পল্লবীতেই ২০২ জন, মোহাম্মদপুরে ৫৯ জন, আদাবরে ৪৫ এবং গেন্ডারিয়ায় ৩৮ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় দেশি বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, মোহাম্মদপুর ও পল্লবীতে কিশোর গ্যাংয়ের কোনও অস্তিত্ব থাকবে না। সামনেও অব্যাহত থাকবে এই বিশেষ অভিযান।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের তথ্য প্রাথমিক যাচাই-বাছাই শেষে যাদের নামে সুনির্দিষ্ট মামলা রয়েছে তাদের আদালতে পাঠানো হবে এবং অন্যদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *