বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা থাকার বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে দলটি। বক্তব্যটিকে ‘কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে জামায়াত। প্রমাণ দিতে না পারলে বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশেরও দাবি জানিয়েছে দলটি।
শুক্রবার (৯ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ডিএনসিসি প্রশাসক একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের ৭০০টি অটোরিকশা থাকার বিষয়ে বক্তব্য দিয়েছেন। এতে মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করা হয়েছে বলে প্রতীয়মান হয়। এ ধরনের অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন না করায় প্রশাসকের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানায় দলটি।
জামায়াতের দাবি, কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার ব্যক্তিগত মালিকানা নিয়ে গুরুতর অভিযোগ তোলার আগে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা প্রয়োজন। ডিএনসিসি প্রশাসকের কাছ থেকে দায়িত্বশীল, তথ্যনির্ভর ও শালীন বক্তব্য প্রত্যাশা করে জনগণ। প্রমাণ ছাড়া এ ধরনের মন্তব্য দায়িত্বশীল আচরণের পরিচায়ক নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে শুক্রবার সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ঢাকা উত্তর সিটির ‘জুলাই গ্রাফিতি রিমেক’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অটোরিকশা আন্দোলন নিয়ে কথা বলেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, অটোরিকশা আন্দোলনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দেখা গেছে। একটি বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক অটোরিকশাচালকদের দাবি মেনে নেয়ার পক্ষে বক্তব্য দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, অনুসন্ধানে দেখা গেছে, ওই নেতার নাকি ৭০০টি অটোরিকশা রয়েছে।
এভাবে জনগণের কাছে বারবার অবস্থান বদলে পার পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তবে বক্তব্যে কোনো রাজনৈতিক নেতার নাম সরাসরি উল্লেখ করেননি ডিএনসিসি প্রশাসক।
বিবৃতিতে জামায়াত বলেছে, অটোরিকশা চলাচল, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং চালকদের জীবিকার বিষয়গুলো জনস্বার্থ ও বাস্তবতার আলোকে বিবেচনা করা প্রয়োজন। এসব বিষয়ে কোনো রাজনৈতিক দলের অবস্থানের সঙ্গে দ্বিমত থাকলে যুক্তি, তথ্য ও বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে তা তুলে ধরা উচিত। কোনো নেতার বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ তোলা উচিত নয়।
ডিএনসিসি প্রশাসককে তার বক্তব্যের পক্ষে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য প্রমাণ জনসমক্ষে উপস্থাপনের আহ্বান জানিয়েছে দলটি। প্রমাণ দিতে ব্যর্থ হলে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি জানানো হয়েছে।
এর আগে ৫ অক্টোবর ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়ামুখী লংমার্চ উপলক্ষে ১১ দলের লিয়াজোঁ কমিটির প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার অটোরিকশাচালকদের দাবি মেনে নেয়ার পক্ষে মত দেন। তিনি বলেন, এসব দাবি মেনে নেয়া উচিত এবং দেশের জন্য অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় কিংবা কেউ উসকানি দেয়ার সুযোগ পায়, এমন পরিস্থিতি কারও সৃষ্টি করা উচিত নয়।
