জাতীয় সংসদের বিরোধী দল মানুষকে বিভ্রান্ত করছে বলে দাবি করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, বিরোধী দল বর্তমান সংকটকালে পরিস্থিতি উত্তপ্তে কাজ করছে।
আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব দাবি করেন রাশেদ খান।
বিরোধী দলকেও ৬ মাসের মূল্যায়ন করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। রাশেদ খান বলেন, ৬ মাসে সরকারের মূল্যায়নের পাশাপাশি, বিরোধী দলেরও মূল্যায়ন জরুরি। যেহেতু গণ-অভ্যুত্থানের একটি শক্তি সরকার পরিচালনার দায়িত্বে আরেকটি শক্তি বিরোধী দলে।
সুতরাং রাষ্ট্র পুনর্গঠনে উভয়ের দায়িত্ব আছে। কিন্তু বিরোধী দল সরকারকে কতটুকু সহযোগিতা করছে, সেটাও মূল্যায়ন করার বিষয়।
ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বক্তব্যের অংশ তুলে ধরেন রাশেদ খান। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আপনি ছাড়া আমি না, আমি ছাড়া আপনি না।
রাশেদ খান বলেন, কিন্তু জ্বালানি বিদ্যুৎসহ যেসব জাতীয় সংকট রয়েছে, যা বিএনপি সরকার বিগত সরকারগুলোর প্রায় ২০ বছরের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে উত্তরাধিকার সূত্রে পেয়েছে, সেটি নিয়েও রাজনীতি করছে বর্তমান বিরোধী দল। বরং তাদের উচিত ছিল জনগণকে বোঝানো যে, এটা সরকারসৃষ্ট সংকট নয়, এটা আওয়ামী লুটপাট, ঋণের বোঝার চাপ, আওয়ামী পাপের ফসল ও অব্যবস্থাপনার কারণে হয়েছে।
তিনি বলেন, ১৮ মাসে অন্তর্বর্তীকালীন সরকার যদি এসবের সমাধান করত, তবে বিএনপি সরকারের জন্য আরো সহজ হতো। কিন্তু মানুষকে বিভ্রান্ত করাসহ পরিস্থিতি উত্তপ্ত করে সংকটকে আরো ঘনীভূত করতে কাজ করছে বিরোধী দল।
