মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশজুড়ে একটি সুন্দর, সুপরিকল্পিত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার সার্বিক কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্তৃত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন।
আজ শনিবার (১ আগস্ট ২০২৬) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম-এর প্রত্যক্ষ নেতৃত্বে উপজেলার ঐতিহ্যবাহী মঠের ঘাট এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এ সামাজিক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
উপজেলা চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণ
অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে উপজেলা পরিষদ চত্বর, প্রধান সড়ক ও আশপাশের জনগুরুত্বপূর্ণ স্থানে জমে থাকা দীর্ঘদিন ধরে জমে থাকা প্লাস্টিক ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। কর্মকর্তা-কর্মচারীরা নিজেরাই ঝাড়ু ও বেলচা হাতে নিয়ে পরিষ্কার কার্যক্রমে সরাসরি অংশ নেন এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বিষয়ে স্থানীয় সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির বিশেষ বার্তা দেন।
পরিচ্ছন্নতা অভিযানকালে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারজানুর রহমান, পূর্বাচল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক মকবুল হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল কুমার, রূপগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহসহ স্থানীয় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘প্রতি শনিবার চলবে পরিচ্ছন্নতা অভিযান’: ইউএনও
অভিযান পরিচালনা শেষে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় সমগ্র বাংলাদেশে একটি আধুনিক, নান্দনিক ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার সুনির্দিষ্ট কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন কার্যক্রম সূচনা করেছি।”
সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “কেবলমাত্র সরকারি উদ্যোগের ওপর নির্ভর করে একটি পরিচ্ছন্ন সমাজ গঠন সম্ভব নয়। রূপগঞ্জকে সম্পূর্ণ পরিচ্ছন্ন ও প্লাস্টিকমুক্ত বাসযোগ্য এলাকা বানাতে সাধারণ জনগণের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অপরিহার্য। পরিবেশ রক্ষা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতি শনিবার রূপগঞ্জের বিভিন্ন স্থানে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
