জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, ফেনীতে যুবক আটক

ফেনীর দাগনভূঞা উপজেলায় ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও অশালীন মন্তব্য করার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মী ও এলাকাবাসী।

সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর এলাকার বক্সআলী মৌলভী বাড়ির সামনে থেকে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত মো. মোস্তফার ছেলে। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফিরেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে জনির বিরুদ্ধে। সোমবারও তিনি এ ধরনের একটি পোস্ট করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের নজরে এলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এরপর রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের কয়েকজন নেতা এবং স্থানীয় বাসিন্দারা জনিকে তার বাড়ির সামনে থেকে আটক করেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও অশালীন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া ঘটনার পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা বা উসকানি রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *