সালমান খানের ইউটিউব চ্যানেল সবার জন্য না!

বলিউডের পর্দায় কখনো অ্যাকশন, কখনো রোমান্স, আবার কখনো ‘বিগ বস’-এর মঞ্চে সঞ্চালক হিসেবে দর্শকদের মাতিয়ে রাখেন সালমান খান। এবার ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হলেন বলিউডের ‘ভাইজান’। ইউটিউবে নিজের নতুন চ্যানেল খুলেছেন তিনি।

তবে সবার জন্য নয়। অর্থাৎ সেখানে শুধু বড়দের বিনোদন নয়, বরং ছোটদের আনন্দের পাশাপাশি শেখার সুযোগ করে দেয়ার পরিকল্পনও রয়েছে এই তারকার।

চ্যানেলটির নাম ‘বিয়িং দ্য সালমান খান’। চালুর পরই দর্শকদের কাছ থেকে পাওয়া সাড়া নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সালমান। তবে নতুন চ্যানেলের বিষয়বস্তু নিয়ে ভক্তদের মনে তৈরি হওয়া কৌতূহলও দূর করেছেন তিনি। জানিয়েছেন, চ্যানেলের কনটেন্ট আপাতত বড়দের জন্য নয়, বরং ছোটদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সালমান লিখেছেন, ‘আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য ধন্যবাদ। আমি বুঝতে পারছি, কনটেন্টটি হয়ত এই মুহূর্তে আপনাদের জন্য নয়। তবে আপনাদের বুঝতে হবে, এটি আপনাদের ছোট সোনামণিদের জন্য।’

চ্যানেলটির ভাবনা তুলে ধরে সালমান আরও লিখেছেন, ‘দেখা যাক, এটি কীভাবে এগোয়। বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি একটু হাসি-মস্করা, ভালোবাসা এবং পারিবারিক শিক্ষাটাও জরুরি, তাই না?’

সালমানের এই উদ্যোগে স্পষ্ট, প্রচলিত তারকাদের ব্যক্তিগত ভিডিও বা ভ্লগের বাইরে গিয়ে শিশুদের উপযোগী বিনোদন ও শিক্ষামূলক বিষয়বস্তু তুলে ধরতে চান তিনি। এখন দেখার বিষয়, বলিউডের এই জনপ্রিয় তারকার নতুন উদ্যোগ ছোট দর্শকদের কতটা মন জয় করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *