গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সরকারি জমির ক্ষতিপূরণ বিতরণ নিয়ে তথ্য জানতে গেলে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন-এর বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে সময় সংবাদ ও যমুনা টেলিভিশনের দুই প্রতিবেদকের প্রশ্নের জবাব না দিয়ে তিনি উত্তেজিত আচরণ করেন এবং ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে তিনি সাংবাদিকদের অফিস ত্যাগ করতে বলেন।
ঘটনার সূত্রপাত ঢাকা-রংপুর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা সাড়ে ছয় শতক জমির ক্ষতিপূরণ নিয়ে। অভিযোগ রয়েছে, প্রকৃতপক্ষে অর্পিত (সরকারি) সম্পত্তি হওয়া সত্ত্বেও প্রায় ২ কোটি ৮০ লাখ টাকার ক্ষতিপূরণ ব্যক্তিমালিকানাধীন জমি হিসেবে উত্তোলন করা হয়েছে।
ভূমি অফিসের দুটি প্রতিবেদনে জমিটির মালিকানা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। ২০২২ সালের এক প্রতিবেদনে সরকারি স্বার্থ না থাকার কথা বলা হলেও ২০২৫ সালের আরেক প্রতিবেদনে জমিটি অর্পিত সম্পত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় জমির মালিকানা দাবি করে আপত্তি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা আসাদুল্লাহ ফারুকী। অন্যদিকে ক্ষতিপূরণ গ্রহণকারী জাহিদুল ইসলাম জাহাঙ্গীর দাবি করেছেন, বৈধ কাগজপত্রের ভিত্তিতেই তিনি ক্ষতিপূরণ পেয়েছেন।
বিষয়টি নিয়ে মন্তব্য করতে অনাগ্রহ দেখিয়েছেন সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা। তবে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল মামুন জানিয়েছেন, নিয়ম মেনেই প্রকৃত মালিককে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়েছে।
