রাজধানীর মোহাম্মদপুর এলাকার বসিলা সড়কে একটি বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠানের একাধিক গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী প্রতিষ্ঠানের অভিযোগ, চাঁদার দাবি পূরণ না করায় এ হামলা চালানো হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, বুধবার রাতে ফারুক ওরফে কাইল্লা ফারুক-এর নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি কেরানীগঞ্জের ঘাটারচরে অবস্থিত তাদের ওয়্যারহাউসে গিয়ে চাঁদা দাবি করে। দাবি পূরণে এক ঘণ্টার সময়সীমাও বেঁধে দেওয়া হয়।
নির্ধারিত সময় পার হওয়ার পর বসিলা ব্রিজ এলাকায় কুরিয়ার কোম্পানিটির ছয়টি গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
জুয়েল রানা জানান, প্রায় দুই মাস আগে বসিলার একটি গ্যাসের দোকানে চাঁদাবাজির ঘটনায় ফারুক গ্রেফতার হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
এদিকে একই রাতে আদাবর এলাকায় একটি মুরগির দোকানে ডাকাতির ঘটনাও ঘটেছে। দোকান মালিকের দাবি, সেখান থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা এবং কয়েকটি মোবাইল ফোন লুট করা হয়েছে। এ ঘটনায় আদাবর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত করছে এবং অভিযুক্তদের শনাক্তে কাজ করছে বলে জানিয়েছে।
