পাকিস্তান সফরে জাতিসংঘ মহাসচিব

পাকিস্তান সফর শুরু করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনদিনের এই সফরে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা ও কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে পাক নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদন মতে, তিনদিনের সফরে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছান গুতেরেস। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেসের ইসলামাবাদ পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে। সেখানে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব নাবিল মুনির তাকে স্বাগত জানান।

সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব।

গুতেরেসের সফরের আগে জাতিসংঘের এক মুখপাত্র জানান, বৈঠকগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানের কূটনৈতিক ও মধ্যস্থতার প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, দুই দেশের মধ্যে আলোচনার ক্ষেত্রে পাকিস্তানের ‘গঠনমূলক ভূমিকা’ নিয়ে আলোচনা করার সুযোগ তৈরি করবে গুতেরেসের এই সফর।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান এর আগে দুই পক্ষের মধ্যে সংলাপ ও কূটনৈতিক সমাধানের উদ্যোগে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *