রাজবাড়ীর কালুখালীতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশির হামলায় এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার এ ঘটনা ঘটে বলে জানান সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান।
নিহত ওই কৃষকের নাম নজরুল ইসলাম খান (৫৫)। তিনি উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবারের বরাতে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান জানান, নিহত নজরুল ইসলামের ছোট মেয়ের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু বেগম, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগমের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে শুক্রবার সকালে নজরুল ইসলামের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় ইট ও লাঠি দিয়ে মারধর করা হলে ঘটনাস্থলেই নজরুল ইসলাম খান নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনা গুরুতর আহত হয়েছেন।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নজরুল ইসলাম খানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গোলাপী বেগমকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের অভিযান চলছে।
