আওয়ামী লীগকে পেছনের দরজা দিয়ে আনার ষড়যন্ত্র চলছে: গোলাম পরওয়ার

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই কর্মসূচিতে সরকার আওয়ামী লীগকে ‘ইনক্লুসিভ রাজনীতির’ নামে পেছনের দরজা দিয়ে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতের ঢাকা মহানগরী শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন এবং আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিলের প্রসঙ্গ তোলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘আমার মনে হয় সরকার এখন দিশা হারিয়ে আবোল-তাবোল বলতে শুরু করেছে। তসবির দানা যদি একটা খুলে যায়, তো টপটপ করে পড়তে থাকে। তেমনি বিএনপির তসবিহর দানা খুলছে।’

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগকে আবার রাজনীতির মাঠে জায়গা করে দেয়ার জন্য সরকারের একটি অংশ কাজ করছে। তার ভাষায়, ‘উনারা এখন আওয়ামী লীগকে কী করে একটু ইনক্লুসিভ রাজনীতির মধ্যে রিফাইন করে, পেছনের দরজা দিয়ে আনা যায়, সে ষড়যন্ত্রে দিল্লির সঙ্গে এখন যোগাযোগ রাখছে।’

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচির প্রসঙ্গ তুলে জামায়াতের এই নেতা বলেন, সরকারের ইঙ্গিত না থাকলে এক দিনে দেশের প্রতিটি জেলায় আওয়ামী লীগ কীভাবে মিছিল করতে পারল, এ নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, ‘থানার ওসিরা জানে, পুলিশ সুপাররা জানে, ডিসিরা জানে, আপনার ইন্টেলিজেন্স জানে; কারা কারা, কোথায় কোথায় আওয়ামী লীগ করে। রাজধানী ঢাকা সহ সব জায়গায় তারা ঝটিকা বিক্ষোভ মিছিল করল।’

গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, এসব কর্মসূচির সময় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ট্রেনে ও রেলওয়ে স্টেশনে আগুন দেয়ার মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনার পেছনে সরকারের একটি অংশ আওয়ামী লীগের সঙ্গে ‘অশুভ আঁতাত’ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

তার ভাষায়, ‘নিশ্চয়ই সরকারের মধ্যে একটি চক্র, আওয়ামী লীগের সঙ্গে অশুভ আঁতাত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

এদিকে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জামায়াত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা হয়েছে। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

বিক্ষোভের শুরুতে গোলাম পরওয়ার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *